জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’

জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি খাসজমি চাষ করে দখলের অভিযোগ উঠেছে জামায়াত নেতার বিরুদ্ধে। খেল এখন আমাদের সময়’—সরকারি খাসজমি চাষের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি খাসজমিতে চাষাবাদ করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার বিরুদ্ধে। প্রায় চার বিঘা জমি দীর্ঘদিন ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিলেন গ্রামের শিশু-কিশোর ও তরুণেরা। মাঠটি দখলমুক্ত করে খেলাধুলার জন্য সংরক্ষণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার সলপ ইউনিয়নের নওকৈড় গ্রামে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ও শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ট্রাক্টর দিয়ে জমিটি চাষ করা হয়। অভিযুক্ত হেকমত আলী সরকার সলপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে ওই মাঠে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা করতেন গ্রামের শিশু-কিশোর ও তরুণেরা। জমিটি চাষ করে দখলে নেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে শুক্রবার বিক্ষোভ মিছিল করেন স্থানীয় শিক্ষার্থী ও বাসিন্দারা। তাঁরা মাঠটি দখলমুক্ত করে খেলার উপযোগী রাখার দাবি জানান।
সলপ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন জানান, চার বিঘা জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত। ২০১৯ সালে ভূমিহীনদের জন্য গুচ্ছগ্রাম নির্মাণের উদ্দেশ্যে তৎকালীন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান সেখানে মাটি ভরাট করেছিলেন। তবে গুচ্ছগ্রাম নির্মাণ না হওয়ায় স্থানীয়রা জায়গাটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিলেন।
অভিযুক্ত হেকমত আলী সরকার জমিটি নিজেদের বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, আওয়ামী লীগের লোকজন আগে তাঁদের জায়গা দখল করে মাটি ভরাট করেছিলেন। তিনি বলেন, ‘এখন আমাদের সময় এসেছে, তাই আমরা আমাদের জায়গা দখলে নিয়ে চাষাবাদ করছি।’
অন্যদিকে, সলপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুল মান্নান জমিটিকে সরকারি সম্পত্তি বলে উল্লেখ করেছেন। সরকারি জমি ব্যক্তিগত চাষাবাদে ব্যবহারের অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হবে বলেও জানান তিনি।
তবে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান আলী দাবি করেছেন, জায়গাটি খেলার মাঠ নয়। তাঁর ভাষ্য, স্থানীয় লোকজন বিভিন্ন সময়ে সরকারি জমি লিজ নিয়ে চাষাবাদ করতেন এবং এ-সংক্রান্ত কাগজপত্র তাঁদের কাছে রয়েছে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নওকৈড় গ্রামটি সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদে বিরোধীদলীয় হুইপ মওলানা রফিকুল ইসলাম খানের নিজ গ্রাম।




