টানা পাঁচ মাস ৩ বিলিয়ন ডলারের নিচে রেমিট্যান্স, অক্টোবরে এসেছে ২৮৭ কোটি ডলার।

টানা পাঁচ মাস ৩ বিলিয়ন ডলারের নিচে রেমিট্যান্স, অক্টোবরে এসেছে ২৮৭ কোটি ডলার
টানা পাঁচ মাস ধরে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাচ্ছে না বাংলাদেশ। তবে গত বছরের একই সময়ের তুলনায় অক্টোবরে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ১০ শতাংশ। গত মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা প্রায় ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত মে মাসে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল দেশে। এরপর জুন থেকে টানা পাঁচ মাস ধরে প্রবাসী আয় এই সীমার নিচে রয়েছে।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ডলার। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৬৬ লাখ ডলারে। তবে সেপ্টেম্বরে কমে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারে নেমে আসে। অক্টোবরে কিছুটা বেড়ে প্রবাসী আয় দাঁড়ায় ২৮৭ কোটি ৪০ লাখ ডলারে।
এদিকে চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসীরা দেশে মোট ১ হাজার ১৪৬ কোটি ডলার বা ১১ দশমিক ৪৬ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ১ হাজার ১৪ কোটি ডলার বা ১০ দশমিক ১৪ বিলিয়ন ডলার।
সে হিসাবে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৩ শতাংশ।
প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে টানা পাঁচ মাস ৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করতে না পারা প্রবাসী আয়ের ধারাবাহিকতা নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।




