হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদি আরবের!

PressX |- আন্তর্জাতিক ডেস্ক
হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদি আরবের!
আন্তর্জাতিক ডেস্ক | PressX News
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বন্ধে ১০০ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব—এমনই দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম। ইরানের মধ্যস্থতায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ অক্টোবর ইরানের রাজধানী তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সফরকে কেন্দ্র করে এই আলোচনা সামনে আসে। বৈঠকে তুরস্ক ও পাকিস্তানের প্রতিনিধিরাও অংশ নেন। হুথিদের হামলা বন্ধ করা এবং সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতি বজায় রাখাই প্রস্তাবটির মূল উদ্দেশ্য বলে দাবি করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমটির দাবি, প্রস্তাবিত অর্থ ইরানের মাধ্যমে হুথিদের কাছে পৌঁছানোর কথা রয়েছে। এই অর্থের একটি অংশ হুথি-নিয়ন্ত্রিত অঞ্চলে সরকারি কর্মচারীদের বেতন পরিশোধ এবং বেসামরিক অবকাঠামো পুনর্গঠনে ব্যয় করার বিষয়ও প্রতিবেদনে উঠে এসেছে।
তবে অর্থ দেওয়ার প্রস্তাব কিংবা অর্থ স্থানান্তরের বিষয়টি সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরান সফরকে আঞ্চলিক উত্তেজনা কমানো, সংলাপ এগিয়ে নেওয়া এবং কূটনৈতিক সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করেছে।
এদিকে, হুথিদের সঙ্গে আগের সমঝোতা বাস্তবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে সম্ভাব্য অর্থনৈতিক সমঝোতার মাধ্যমে সংঘাত থামবে কি না, তা এখনো অনিশ্চিত।
সূত্র: Israel Hayom, Observer Online।




