Adobe-র বিকল্প হতে চায় ওপেন-সোর্স টুল ArtCraft, উন্মুক্ত GitHub-এ

শিল্পী, ডিজাইনার ও ফিল্মমেকারদের জন্য তৈরি ওপেন-সোর্স টুল ArtCraft-এর পুরো সোর্স কোড GitHub-এ উন্মুক্ত। নির্মাতারা বলছেন, এটি Adobe-র মতো প্রতিষ্ঠিত টুলের প্রতিদ্বন্দ্বী হতে চায়।
ডিজাইন ও ভিডিও নির্মাণের জগতে Adobe-র দামি মাসিক সাবস্ক্রিপশনের বিকল্প খুঁজছেন অনেকেই। এই প্রেক্ষাপটে আলোচনায় এসেছে ওপেন-সোর্স টুল ArtCraft।
ArtCraft-কে বর্ণনা করা হয়েছে শিল্পী, ডিজাইনার ও ফিল্মমেকারদের জন্য একটি "ক্রাফটিং ইঞ্জিন" হিসেবে। টুলটির ডেস্কটপ সংস্করণ মূলত Rust ভাষায় লেখা এবং ব্যবহারকারীর কম্পিউটারেই চলে। এর সোর্স কোড GitHub-এ সবার জন্য উন্মুক্ত, যেখানে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৬০০ স্টার পড়েছে।
নির্মাতাদের দেওয়া তথ্য অনুযায়ী, টুলটিতে রয়েছে স্টেজিং ও পোজিংয়ের জন্য ভার্চুয়াল ফিল্ম সেট, দ্রুত ২ডি ক্যানভাস এডিটর, ইনপেইন্ট ও আউটপেইন্ট সুবিধা এবং একাধিক এআই মডেল একত্রে ব্যবহারের ব্যবস্থা। ব্যবহারকারীরা চাইলে নিজের এপিআই কী বা বিদ্যমান সাবস্ক্রিপশনও যুক্ত করতে পারেন।
নির্মাতারা জানিয়েছেন, তারা Adobe ও Higgsfield-এর মতো টুলের সঙ্গে প্রতিযোগিতা করার লক্ষ্যেই কাজ করছেন। তবে টুলটি মূলত এআই-নির্ভর ছবি ও ভিডিও নির্মাণে বিশেষায়িত, Adobe-র পুরো সফটওয়্যার স্যুটের সরাসরি প্রতিস্থাপন নয়।




