অবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক

নিজস্ব প্রতিবেদন
অবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক
চাকরি থেকে অবসর নিয়েছেন, তবে থেমে থাকেনি মানুষের জন্য কিছু করার স্বপ্ন। জীবনের সঞ্চয় ও পেনশনের অর্থ ব্যয় করে শিশুদের আনন্দ, শিক্ষা ও মানসিক বিকাশের জন্য এক অনন্য উদ্যোগ নিয়েছেন নওগাঁর সাপাহারের অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুর রহমান। প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে ৯০ শতাংশ জমির ওপর তিনি গড়ে তুলেছেন ‘প্রকৃতির পাঠশালা’।
২০২৪ সালে চালু হওয়া এই পাঠশালায় শিশুদের প্রবেশ সম্পূর্ণ বিনা মূল্যে। এখানে রয়েছে দোলনা, খেলনা, ফুল ও ফলের বাগানসহ শিশুদের আনন্দ-বিনোদনের নানা আয়োজন। প্রকৃতির সান্নিধ্যে খেলাধুলার পাশাপাশি আনন্দের মধ্য দিয়ে শেখার সুযোগ পাচ্ছে শিশুরা।
জানা যায়, ২০২১ সালে শিক্ষকতা পেশা থেকে অবসরে যাওয়ার পর শামসুর রহমান এই উদ্যোগ গ্রহণ করেন। নিজের পেনশনের অর্থের পাশাপাশি ধান ও আম বিক্রির টাকা দিয়ে ধীরে ধীরে গড়ে তোলেন শিশুদের জন্য এই ব্যতিক্রমী পাঠশালা।
উদ্যোগটি প্রতিষ্ঠার পরও থেমে নেই তাঁর পরিশ্রম। প্রতিদিন নিজেই পাঠশালাটি পরিষ্কার করেন, গাছে পানি দেন এবং শিশুদের সঙ্গে সময় কাটান। শুধু নিজের পাঠশালাতেই নয়, বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণও তুলে দেন তিনি।
শামসুর রহমানের এই উদ্যোগের মূল লক্ষ্য শিশুদের শুধু বিনোদনের সুযোগ দেওয়া নয়; বরং তাদের মানসিক বিকাশ, সৃজনশীলতা এবং শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করা। তাই প্রকৃতির সান্নিধ্যে শিশুদের জন্য তৈরি করেছেন আনন্দ ও শেখার এক ব্যতিক্রমী পরিবেশ।
অবসর জীবনকে নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিশুদের ভবিষ্যৎ গঠনে ব্যয় করার এই উদ্যোগ ইতোমধ্যে প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। তাঁর কাজ মনে করিয়ে দেয়, মানুষের জন্য কাজ করার ইচ্ছা থাকলে বয়স কিংবা অবসর কোনো বাধা হতে পারে না।
সূত্র প্রথম আলো




