এইচএসসিতে পাসের হার ৫২.১২%, ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

এইচএসসিতে পাসের হার ৫২.১২%, ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
ঢাকা: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
এবার শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩টি। গত বছর এ সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। অন্যদিকে, এবার শতভাগ পাস করেছে মাত্র ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান। গত বছর এ সংখ্যা ছিল ৩৪৫টি।
গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস, অন্যদিকে অকৃতকার্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা বিরাজ করছে।
সূত্র: শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বিভিন্ন সংবাদমাধ্যম।




