‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজার বাণীতে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়সহ সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’ দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, হিন্দু ধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের তাৎপর্য অনন্য মাত্রা পেয়েছে। তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করেন। ধর্মীয় উৎসব উদ্যাপনের এই ঐতিহ্য দেশের আবহমান ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরে। পাশাপাশি বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে। প্রধানমন্ত্রী আরও বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা। মানবতার কল্যাণ সাধনও সব ধর্মের গুরুত্বপূর্ণ বার্তা। তাই নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি পালনের পাশাপাশি সবার প্রতি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রাখা জরুরি। তিনি বলেন, দল-মত, ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের অঙ্গীকার। দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের নির্ভয়ে ও নিরাপদে উৎসব উদ্যাপনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তাঁদের আবারও শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর বাণীতে উঠে এসেছে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বার্তা।




