দুর্বৃত্তদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়তে হবে: ডা. শফিকুর রহমান জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়তে হবে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়তে হবে: ডা. শফিকুর রহমান জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়তে হবে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা থামব না, আমাদের থামার সুযোগ নেই। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলতে হবে।’
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। দিনরাত পরিশ্রম করে নির্বাচনে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের ভুলগুলো পর্যালোচনা করা হয়েছে। সেসব ভুল থেকে শিক্ষা নিয়ে এবার কাজ করলে ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি হবে না বলে আশা করেন তিনি। দেশের জনগণই নির্ধারণ করবে, কারা দেশ পরিচালনা করবে। আর বসে বসে তামাশা দেখা হবে না; সংগতভাবেই প্রতিবাদ করা হবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে।
জামায়াতের আমীর বলেন, ‘এই দেশ কুরআনের ভিত্তিতে পরিচালিত হবেই হবে, ইনশাআল্লাহ।’ এ সময় তিনি মহান আল্লাহর রহমত ও সহযোগিতা কামনা করেন।
রুকনদের মানোন্নয়নে গুরুত্বারোপ
সম্মেলনে রুকনদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তাঁদের মূল লক্ষ্য আল্লাহর জান্নাত অর্জন করা। আল্লাহর দেওয়া সুযোগ ও সম্পদের যথাযথ ব্যবহার করে তাঁর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে এবং নিজেদের জান্নাতের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে হবে।
পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতের আলোকে তিনি মৃত্যু, পরকালীন জীবন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার বিষয়ে আলোচনা করেন। নবী ইবরাহিম (আ.) ও নবী ইসমাইল (আ.)-এর ওপর আল্লাহর পরীক্ষা এবং তাঁদের ত্যাগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করা সম্ভব নয়। তাই প্রতিটি মুহূর্তে তাঁর সাহায্য কামনা করতে হবে।
সংগঠনের অতীত পরিস্থিতি তুলে ধরে জামায়াতের আমীর বলেন, একসময় ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের সাংগঠনিক অবস্থা অনেক দুর্বল ছিল। নেতা-কর্মীদের ত্যাগ, কোরবানি ও পরিশ্রমের মাধ্যমে সংগঠন বর্তমান অবস্থানে পৌঁছেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে রুকনদের মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের ভালোবাসা, দোয়া ও ত্যাগের জন্য তাঁরা কৃতজ্ঞ। তবে নির্বাচনে নিজেদের কিছু ভুলত্রুটি ও দুর্বলতা চিহ্নিত হয়েছে। ভবিষ্যতে যাতে একই ভুলের পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তাঁর অভিযোগ, জনগণ তাঁদের ভোট দিলেও তা ছিনিয়ে নেওয়া হয়েছে।
‘রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। তাই এটিকে ক্ষমতা মনে করলে আমরা ভুল করব।’
তিনি বলেন, রুকনিয়াত হলো জীবনের নীতি-নৈতিকতার মান বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। রুকনদের আরও দায়িত্বশীল হতে হবে। তাঁদের মান ও রুহানিয়াত যত শক্তিশালী হবে, সংগঠনও তত শক্তিশালী হবে।
আগামী মেয়র নির্বাচনে শক্তিশালী ভূমিকা পালনের মাধ্যমে ত্যাগ-তিতিক্ষার প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে মেয়র ও কাউন্সিলর নির্বাচনে কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব হবে।
সাংগঠনিক শৃঙ্খলা ও নেতৃত্ব গঠনের আহ্বান
সম্মেলনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, রুকন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি তাঁদের মানোন্নয়ন, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার দিকেও গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ‘আমরা আস্থাভাজন নেতৃত্ব গড়ে তুলব। একই সঙ্গে একটি মজবুত সংগঠন গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।’
সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি।
১৩ সহস্রাধিক রুকনের ভোট
সম্মেলনটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত নির্বাচনী অধিবেশনে ২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর আমীর নির্বাচনে রুকনরা ভোট দেন। এতে ১৩ সহস্রাধিক রুকন ভোট প্রদান করেন।
নির্বাচন পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন। তাঁকে সহযোগিতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ. সবুর ফকির।
সকাল ১১টা থেকে শুরু হয় সাংগঠনিক অধিবেশন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন মহানগরীর সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম।
‘নাগরিক সেবা’ অ্যাপ উদ্বোধন সম্মেলনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে তৈরি ‘নাগরিক সেবা’ নামের একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অ্যাপটিতে নাগরিকদের জন্য ৫০টিরও বেশি সেবামূলক সুবিধা পাওয়া যাবে।
রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের বিভিন্ন সেবা প্রদানের উদ্যোগ হিসেবে অ্যাপটি চালু করা হয়েছে বলে জানানো হয়।




