সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে সংসদীয় কমিটি, গঠন ৩ সদস্যের তদন্ত কমিটি।

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে সংসদীয় কমিটি, গঠন ৩ সদস্যের তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক | PressX News
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্ত এবং সার বিতরণ ও মজুত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
সোমবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন এমপি।
কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমান এমপির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গঠিত এ কমিটির আহ্বায়ক করা হয়েছে তাঁকে। কমিটির অন্য দুই সদস্য হলেন মো. রোকন উদ্দীন বাবুল এমপি ও মোছা. সাবিরা সুলতানা এমপি।
বৈঠকে সার বিতরণ, মজুত ও ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে অনিয়ম চিহ্নিত করা এবং তা নিরসনে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিলার নিয়োগে অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বৈঠকে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও অসংগতির অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যেসব ক্ষেত্রে এখনো ডিলারশিপের চুক্তি সম্পাদিত হয়নি, সেসব ক্ষেত্রে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি সম্পাদন স্থগিত রাখার সুপারিশ করেছে কমিটি।
অন্যদিকে, যেসব ক্ষেত্রে ইতোমধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে, সেসব ক্ষেত্রে অভিযোগ যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
বিশেষ করে লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর জেলায় ডিলার নিয়োগসংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
দেশে সারের সংকট নেই: কমিটির সভাপতি
বৈঠকে কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন বলেন, সার বিতরণ ব্যবস্থাপনাকে কেন্দ্র করে সৃষ্ট কৃত্রিম সংকট দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে নিরসন করা সম্ভব হয়েছে। বর্তমানে দেশে সারের কোনো সংকট নেই; বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত সার মজুত রয়েছে।
তিনি আরও বলেন, সার কারখানাগুলো পূর্ণোদ্যমে উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারলে ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত সার রপ্তানির সুযোগও সৃষ্টি হতে পারে।
বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। পরে প্রথম বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরা হয়।
বৈঠকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো. রোকন উদ্দীন বাবুল, মো. মুজিবুর রহমান চৌধুরী, মোছা. সাবিরা সুলতানা ও মো. গোলাম রছুলসহ সংশ্লিষ্ট সংসদ সদস্যরা অংশ নেন। এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
PressX News | সত্যের সঙ্গে, মানুষের পাশে।




